শিক্ষার আলো ছড়াচ্ছে জামালপুরের সামছুন্নাহার মাদ্রাসা
ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার: জামালপুর সদর উপজেলার ৯ নম্বর রানাগাছা ইউনিয়নের বীর গোবিন্দ বাড়ি এলাকায় নারী শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ‘সামছুন্নাহার মোহাম্মদীয় মহিলা দাখিল মাদ্রাসা’। প্রতিষ্ঠার পর থেকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আলোর পথ দেখাচ্ছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের ব্রুন্স বার্ক ইউনিভার্সিটির সঙ্গে সম্পৃক্ত ড. রুহুল আমিন তাঁর মা সামছুন্নাহারের নামে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। পরিচালনায় ভূমিকা রাখছেন তাঁর ভাই আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ মান্নু মিয়া। বর্তমানে সুপার মো. লুৎফর রহমানের দক্ষ পরিচালনায় ইবতেদায়ী ও দাখিল স্তর মিলিয়ে ২৩৬ জন ছাত্রী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানটিতে ১৫ জন শিক্ষক সহ প্রয়োজনীয় জনবল রয়েছে।
মাদ্রাসাটিতে সাধারণ পাঠ্যক্রমের পাশাপাশি কোরআন-হাদিস, স্কাউটিং, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চা করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দুর্যোগকালে ত্রাণ বিতরণের মতো মানবিক কাজেও অংশ নেয় শিক্ষার্থীরা। দরিদ্র ও মেধাবী ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ সরবরাহের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা হচ্ছে। প্রতিষ্ঠানের সাবেক অনেক শিক্ষার্থীই বর্তমানে শিক্ষকতা ও নার্সিং সহ বিভিন্ন পেশায় সফলভাবে নিয়োজিত রয়েছেন।
তবে নানামুখী সাফল্য সত্ত্বেও প্রযুক্তিগত ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় ভুগছে প্রতিষ্ঠানটি। বিদ্যুৎ, সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা থাকলেও নেই কোনো বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব কিংবা মাল্টিমিডিয়া ক্লাসরুম।
শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর যুগের উপযোগী করে গড়ে তুলতে একটি আধুনিক একাডেমিক ভবন, সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব ও আবাসিক সুবিধা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃঢ় দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
এআইএল/সকালবেলা
|