ঢাকা পলিটেকনিকে আজমেরী গ্লোরী পরিবহনের বাস অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার রাস্তায় আজমেরী গ্লোরী পরিবহনের বাস শ্রমিকদের হাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরীক্ষার দিন সকালে বাসে উঠতে বাধা, গায়ে হাত তোলা এবং হাফ ভাড়া নিয়ে তুচ্ছতাচ্ছিল্যের প্রতিবাদে আজমেরী গ্লোরী পরিবহনের বাসগুলো ক্যাম্পাসে আটকে রেখেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকালের ঘটনা। পাইথন প্রোগ্রামিং পরীক্ষার দিন গুলিস্তান এলাকায় আজমেরী পরিবহনের বাসগুলোতে উঠতে গেলে শিক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ করেন শ্রমিকরা। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, বাসের হেলপার ও চালকরা স্পষ্ট জানিয়ে দেন যে তারা ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের বাসে তুলবেন না। শিক্ষার্থীরা বাসে ওঠার চেষ্টা করলে তাদের ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেওয়া হয়, এতে কয়েকজন শিক্ষার্থী শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। পরিবহন শ্রমিকদের দাবি, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিলে তাদের ‘লাভ হয় না’, তাই তারা শিক্ষার্থীদের নিতে রাজি নন।
ভুক্তভোগী এক শিক্ষার্থী নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, “সকাল সাড়ে ৭টায় রায়েরবাগ থেকে রওনা হয়েও পরিবহন শ্রমিকদের এমন আচরণের কারণে নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। পরে বাধ্য হয়ে ২০০ টাকা দিয়ে বাইক ভাড়া করে ক্যাম্পাসে আসতে হয়েছে, যা একজন শিক্ষার্থীর জন্য বড় ধরনের আর্থিক চাপ ও মানসিক কষ্টের কারণ।”
শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ক্যাম্পাস প্রশাসনকে বারবার অনুরোধ করা সত্ত্বেও নিজস্ব বাস ব্যবস্থার কোনো স্থায়ী সমাধান করা হয়নি। ফলে নিয়মিত শিক্ষার্থীদের এ ধরনের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এই চরম অব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের ওপর হওয়া অমানবিক নির্যাতনের প্রতিবাদে ও স্থায়ী সমাধানের দাবিতে গাজীপুর থেকে গুলিস্তানগামী আজমেরী গ্লোরী পরিবহনের প্রতিটি বাস ক্যাম্পাসের ভেতরে আটকে রেখেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবহন সংক্রান্ত এ সমস্যার সমাধানে প্রশাসনকে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জান্নাত সকালবেলা
|