ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষক আহত
বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে ওপর থেকে ছাদের পলেস্তারা খুলে মাথায় পড়ে এক সহকারী শিক্ষক আহত হয়েছেন। এতে শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হলেও সৌভাগ্যক্রমে কোনো শিক্ষার্থী হতাহত হয়নি।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উজিরপুর সদরস্থিত 'সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন' মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে এই দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সপ্তম শ্রেণিতে পাঠদান করছিলেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে ছাদের একটি বড় পলেস্তারা খসে তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হলে তাৎক্ষণিকভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আকস্মিক এই ঘটনায় তোলপাড় শুরু হয় পুরো শ্রেণিকক্ষে। নাম প্রকাশে অনিচ্ছুক সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, স্যার যখন পড়াচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ ওপর থেকে ছাদের পলেস্তারা তাঁর মাথায় এসে পড়ে। দৃশ্যটি দেখে পুরো ক্লাসের সব শিক্ষার্থীই আতঙ্কিত হয়ে পড়েছিল।
উক্ত ঘটনা সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, স্কুল ভবনটি অত্যন্ত জরাজীর্ণ ও প্রাচীন। ১৯৬০ সালে নির্মিত ভবনটির অবস্থা নাজুক হওয়ায় ক্লাস চলাকালে এমন দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি অতি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হবে।
এদিকে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে জানান, বহু বছরের পুরোনো ও ঝুঁকিপূর্ণ এমন ভবনে কোমলমতি শিশুদের পাঠদান চালু রাখা অত্যন্ত বিপজ্জনক। যেকোনো মুহূর্তে বড় কোনো ট্র্যাজেডি ঘটে যেতে পারে। জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কার বা নতুন অবকাঠামো নির্মাণের দাবি জানান তাঁরা।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলি সুজা জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং দ্রুত সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা
|