জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার মূল কারিগর হিসেবে শিক্ষকদের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ‘ডিন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের দেশের বিশাল জনসংখ্যাই আমাদের সম্পদ। এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন একমাত্র শিক্ষকেরাই। শুধু উচ্চশিক্ষা নয়, আমাদের এখন কারিগরি শিক্ষাব্যবস্থাতেও সমান গুরুত্ব দিতে হবে।”
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের যোগ্যতার স্বীকৃতি দেওয়া। আজকের এই ডিন অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের একাডেমিক শ্রেষ্ঠত্বের পাশাপাশি সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।”
বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে তিনি বলেন, “বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি। তারেক রহমানের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমরা শিক্ষাব্যবস্থাকে একটি আনন্দমুখর পরিবেশে ফিরিয়ে নিতে কাজ করছি।”
সিলেবাস ও কারিকুলাম পরিবর্তনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা আমাদের সংস্কৃতি ও ধর্মীয় বিভাগে পিছিয়ে আছি, তাই এসব বিষয়ে আরও মনোনিবেশ প্রয়োজন। বর্তমান সরকার শিক্ষার কোনো ক্ষতি হতে দেবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসর বৃদ্ধিসহ অবকাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এই বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।”
জান্নাত সকালবেলা
|