এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ণ
এসএসসিতে রাজশাহী বোর্ডে সেরা বগুড়া

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জেলাভিত্তিক ফলাফলে শীর্ষে রয়েছে বগুড়া। বোর্ডে পাসের গড় হার ৬৩.৬৭ শতাংশ হলেও বগুড়ায় এই হার ৭২.৬৪ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বগুড়া জেলা থেকে মোট ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৩ হাজার ৩৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী, যা বোর্ডের আটটি জেলার মধ্যে সর্বোচ্চ।

এ বছর রাজশাহী বোর্ডের ৮টি জেলা থেকে মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন।

জেলাভিত্তিক পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট (৬৭.৫৩%)। এরপর পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জ (৬৫.১৩%), নওগাঁ (৬২.৪৯%), রাজশাহী (৬২.২৮%), নাটোর (৬১.২৫%) ও পাবনা (৬০.৭৬%)। অন্যদিকে, ৫৮.৪৫ শতাংশ পাসের হার নিয়ে সর্বনিম্নে রয়েছে সিরাজগঞ্জ জেলা, তবে জেলাটিতে ১ হাজার ৯০৭ জন জিপিএ-৫ পেয়েছে।

বোর্ডের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। মোট ৯২ হাজার ৭৭৩ জন ছেলের মধ্যে পাশ করেছে ৫৩ হাজার ১৯১ জন (পাসের হার ৫৭.৩৩%)। অন্যদিকে ৮৩ হাজার ২৭১ জন মেয়ের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮,৮৯৫ জন (পাসের হার ৭০.৭৩%)। ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ১৩.৪০ শতাংশ বেশি।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন জানান, সুষ্ঠু পঠনপাঠন ও শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের কারণেই বগুড়া জেলা বোর্ডে সেরা ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন