জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনবে সরকার

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনবে সরকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের, যুগোপযোগী এবং শিশুবান্ধব হিসেবে গড়ে তুলতে জাপানের শিক্ষা মডেল অনুসরণের পরিকল্পনা নিয়েছে সরকার। বুধবার (২৪ জুন) সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “জাপানের নাগরিক শিক্ষা বিশ্বব্যাপী প্রশংসিত। আমাদের শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা, নৈতিকতা ও নাগরিক মূল্যবোধ গড়ে তুলতে আমরা জাপানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাই।” জাইকার কারিগরি সহায়তা, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিকুলাম উন্নয়নের মাধ্যমে এই সংস্কার কার্যক্রম সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমান সরকার যে নতুন কারিকুলাম প্রণয়নের কাজ করছে, তাতে কয়েকটি বিশেষ দিক গুরুত্ব পাচ্ছে:

চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে নাগরিক শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।গণিত শিক্ষাকে প্রযুক্তিনির্ভর ও আনন্দময় করে তুলতে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠা করা হবে। মাঠপর্যায়ের অফিসসমূহের কর্মদক্ষতা মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে থাইল্যান্ড ও তুরস্কের শিক্ষা প্রশাসনের আদলে কাঠামোগত সংস্কারের কাজ চলছে।

সাক্ষাৎকালে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশের শিক্ষা খাতে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তারা কারিকুলাম উন্নয়ন, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন