কুবি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তায় সরব আঞ্চলিক সংগঠনগুলো

কুবি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহায়তায় সরব আঞ্চলিক সংগঠনগুলো

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা হাজারো শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠন। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং আতিথেয়তা নিশ্চিত করতে কুবি ক্যাম্পাস ও শহরের কেন্দ্রগুলোতে দিনভর সক্রিয় ছিলেন সংগঠনের সদস্যরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) ‘এ’ ইউনিটের পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এবং বিভিন্ন কেন্দ্রের বাইরে বুথ বসিয়ে সেবামূলক কার্যক্রম চালায় জেলা ও বিভাগভিত্তিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনগুলো।

সংগঠনগুলোর স্বেচ্ছাসেবকরা ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিশুদ্ধ খাবার পানি, হালকা নাস্তা, কলম এবং স্যালাইন বিতরণ করেন। এছাড়া দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের সিট খুঁজে দেওয়া এবং কেন্দ্র চিনিয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা। অনেক সংগঠন শিক্ষার্থীদের জন্য আগে থেকেই বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করেছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও নগরীর বিভিন্ন স্থানে অভিভাবকদের বিশ্রামের জন্য অস্থায়ী বসার জায়গা তৈরি করেছে সংগঠনগুলো। দীর্ঘ সময় অপেক্ষমাণ অভিভাবকদের পানির পাশাপাশি অনেক জায়গায় শরবত ও বিস্কুট সরবরাহ করতে দেখা যায়।

লক্ষ্মীপুর স্টুডেন্ট ক্লাবের সভাপতি মনছুর আলম অন্তর জানান, তারা শিক্ষার্থীদের কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার পাশাপাশি অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, “আমাদের এই সহায়তা কার্যক্রম বি ও সি ইউনিটের পরীক্ষার সময়ও অব্যাহত থাকবে।”

আঞ্চলিক সংগঠনগুলোর এমন স্বতঃস্ফূর্ত ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা জানান, অচেনা শহরে থাকার জায়গা বা কেন্দ্র খোঁজা নিয়ে যে দুশ্চিন্তা ছিল, শিক্ষার্থীদের সহযোগিতায় তা অনেকটাই লাঘব হয়েছে।

মন্তব্য করুন