মেধাবীদের উৎসাহে গোবিপ্রবিতে ৪৭৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

মেধাবীদের উৎসাহে গোবিপ্রবিতে ৪৭৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

গোবিপ্রবিতে ৪৭৫ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: শিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৩৩টি বিভাগের ৪৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এই বৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগের সকল সেমিস্টারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা এই বৃত্তি লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, "নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা বিশ্ববিদ্যালয়কে র‍্যাংকিংয়ে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আজকের অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের প্রায় ১৭ লাখ টাকা বৃত্তি দেওয়া হচ্ছে। চলতি শিক্ষাবর্ষেই মোট ৩৫ লাখ টাকা বৃত্তি প্রদানের পরিকল্পনা রয়েছে। এখন থেকে নিয়মিতভাবে স্নাতক পর্যায়ের সকল অনুষদ ও বিভাগে প্রথম স্থানধারী শিক্ষার্থীদের ‘ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড’ ও ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।"

উপাচার্য আরও জানান, শিক্ষার্থীদের দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর স্কলারশিপ প্রাপ্তিতে সহায়তা করার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একটি ‘স্কলারশিপ ডেস্ক’ চালু করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, "স্কলারশিপ কোনো করুণা নয়, এটি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের অর্জন। এই স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে অনুপ্রাণিত করবে।" ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান শিক্ষার্থীদের মেধার ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন