ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার পদত্যাগ ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।
পরে বিষয়টি নিশ্চিত করে সর্বমিত্র চাকমা বলেন, সাম্প্রতিক ঘটনায় সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (শারীরিক শিক্ষা কেন্দ্র) তাঁর নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে ওঠবস করানোর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
সর্বমিত্র চাকমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁকে অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছিলেন। শুরু থেকেই ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যে রেজিস্টার্ড রিকশা চালুকরণসহ বিভিন্ন প্রস্তাব প্রশাসনের কাছে দিয়েছেন। তবে বাস্তবতা হলো, সেন্ট্রাল ফিল্ডে আজও কোনো সিসি ক্যামেরা নেই এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও গড়ে ওঠেনি।
তিনি আরও বলেন, শারীরিক শিক্ষা কেন্দ্র এলাকায় দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মর্যাদাও প্রশ্নের মুখে পড়ছে।
সর্বমিত্র চাকমা বলেন, তাঁর ভাবনা-চিন্তার কেন্দ্রবিন্দু ছিল শুধুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। নিজের দায়িত্বের বাইরেও একা চেষ্টা করেছেন সমাধানের। তবে আইন তার নিজস্ব গতিতেই চলে। এসব দায়িত্ব পালনের চাপে তাঁর ব্যক্তিগত জীবন ও মানসিক অবস্থার ওপর গুরুতর প্রভাব পড়েছে। এ অবস্থায় আর দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার সক্ষমতা তাঁর নেই বলে জানান তিনি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ