অদম্য ইচ্ছাশক্তি: ৫৯ বছর বয়সে বেলায়েতের অনার্স পাস
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): বয়সের ভার ও দীর্ঘ শিক্ষাবিরতি উপেক্ষা করে ৫৯ বছর বয়সে অনার্স ডিগ্রি অর্জন করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলায়েত শেখ।
সোমবার (৩১ আগস্ট) স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে তাঁর এই অনার্সে উত্তীর্ণ হওয়ার খবর প্রকাশ পায়।
দীর্ঘ শিক্ষাবিরতির পর ২০১৭ সালে ৫০ বছর বয়সে নবম শ্রেণিতে ভর্তি হন বেলায়েত শেখ। ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পাসের পর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ভর্তি হন স্টেট ইউনিভার্সিটিতে। বয়সে অনেক ছোট সহপাঠীদের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনা শেষ করে তিনি অর্জনের এ চূড়ান্ত শিখরে পৌঁছান।
বেলায়েত শেখ বলেন, "শিক্ষার কোনো বয়স নেই। ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে যেকোনো বয়সেই সাফল্য পাওয়া সম্ভব।" তাঁর এই অদম্য যাত্রা প্রবীণ ও তরুণ—উভয় প্রজন্মের জন্যই অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে রইল।
এআইএল/সকালবেলা