উত্তরার কওমি মাদ্রাসা থেকে মিসরের বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলেন ১৫ শিক্ষার্থী
আমিরুল ইসলাম লুকমান: মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে অধ্যয়নের সুযোগ পেয়েছেন রাজধানীর জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার ১৫ জন শিক্ষার্থী।
গত বুধবার (২৯ জুলাই ২০২৬) রাতে রাজধানীর উত্তরায় আল-আজহারে নতুন চান্স পাওয়া ১৫ জন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্তরে অধ্যয়নরত ও হিফজ সম্পন্নকারী মোট ৪৬ জন শিক্ষার্থীকে এক জমকালো আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মিসরে স্বাগত জানান। বক্তব্যে তিনি স্মরণ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতেই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি (স্কলারশিপ) বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করা হয়েছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব ও আল-হাইআতুল উলইয়া লিল-জামিআতিল কওমিয়ার কো-চেয়ারম্যান আল্লামা সাজিদুর রহমান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকি নদভী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আব্দুর রউফ মণ্ডল।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, "কোরআনের শিক্ষায় সুশিক্ষিত মানুষ কখনো অপরাধে জড়াতে পারে না। তাদের মাধ্যমেই সমাজ আলোকিত হয়।"
জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার পরিচালক শায়খ সানাউল্লাহ আজহারী জানান, "কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের মেধার পরিচয় দিয়ে আল-আজহারের বিভিন্ন অনুষদে মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জন করছেন। আল-আজহারের সঙ্গে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাচুক্তি থাকায় এখান থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করা শিক্ষার্থীরা সরাসরি ভর্তির সুযোগ পান। বর্তমানে আমাদের প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী সেখানে অধ্যয়ন করছেন।"
এআইএল/সকালবেলা
|