কবিরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

কবিরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী: “পুষ্টি বৈষম্যের দিন শেষ—গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। এরপর একটি জনসচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ ও আশপাশের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জনসাধারণের মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা ছড়িয়ে দেয়।

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে সুষম খাদ্য ও সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই। উন্নত বাংলাদেশ গড়তে হলে সমাজের প্রতিটি স্তরে, বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: শামস্‌-এ-আরিফিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সংবাদকর্মী এবং স্থানীয় এনজিও ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন