চট্টগ্রামে এনসিপির সদস্যসচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: বুধবার, ২০ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
চট্টগ্রামে এনসিপির সদস্যসচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর কমিটির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিনসহ শীর্ষ ৬ নেতার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি ওই কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করা এনসিপি নেতা হুজ্জাতুল ইসলাম সাঈদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন—এনসিপি চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক টিপু, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হুজ্জাত উল্লাহ আবির এবং ছাত্রশক্তির দুই নেতা সাদিক আরমান ও মাইনুল হোসেন। বাদীপক্ষের আইনজীবী জানান, পদত্যাগের পর থেকে হুজ্জাতুল ইসলাম সাঈদকে অনবরত বিভিন্ন মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর নামে মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির চেষ্টা করার অভিযোগে তিনি আদালতের দ্বারস্থ হন।

এর আগে, গত ১৬ মে এনসিপির ১৬৮ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটি ঘোষণার পরপরই তীব্র অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়। নবগঠিত ওই কমিটিতে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা আসামি এবং আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর গুরুতর অভিযোগ ওঠে। এর প্রতিবাদে কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদসহ একযোগে ২২ জন নেতা দল থেকে পদত্যাগ করেন। সেই রাজনৈতিক বিরোধের জের ধরেই এবার সাইবার ট্রাইব্যুনালে মামলার এই ঘটনা ঘটল।

মন্তব্য করুন