মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

অনলাইন ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার অভিযোগে হওয়া মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াত নেতা মুফতি আমির হামজা।

রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক সুমন কর্মকার তা মঞ্জুর করেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী (অ্যাডভোকেট) আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেছিলেন। পরবর্তীতে আজ দুটি মামলায় স্থায়ী জামিনের আবেদন জানালে আদালত দীর্ঘ শুনানি শেষে তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে প্রকাশ্য জনসভায় মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর কর্নেল বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে এই মানহানির মামলা দায়ের করেন। ওইদিনই আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত তারিখে আমির হামজা আদালতে হাজির না হওয়ায় গত ২১ এপ্রিল বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। অবশেষে আজ আদালতে আত্মসমর্পণের মাধ্যমে তিনি স্থায়ী জামিন লাভ করলেন।

মন্তব্য করুন