দুর্নীতির মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর ৪ দিনের রিমান্ড

প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ণ
দুর্নীতির মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর ৪ দিনের রিমান্ড
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২১ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন জানান।

দুদকের আবেদনে বলা হয়, আসামিরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের ক্ষেত্রে  নির্ধারিত ফি থেকে অতিরিক্ত অর্থ আদায়। এতে শ্রমিকদের কাছ থেকে প্রায় ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা অবৈধভাবে আদায়ের অভিযোগ রয়েছে।

আবেদনে আরও বলা হয়, এসব অর্থ বিভিন্ন ধাপে হস্তান্তর ও স্থানান্তরের মাধ্যমে পাচার করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৩ মার্চ রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া ও গ্রেপ্তার দেখানো হয়।

মন্তব্য করুন