সাবেক এমপি আশিকা সুলতানা ৩ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মিরপুর মডেল থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য মোছা. আশিকা সুলতানাকে ৩ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার (২৬ জুন) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করার পর মিরপুর মডেল থানায় হস্তান্তর করে। গ্রেপ্তারকৃত মোছা. আশিকা সুলতানা নীলফামারী-৩ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিলেন।
পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, গত ১৮ জুন সকালে মিরপুর-১ এলাকার এপেক্স ভবনের সামনে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমবেত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিছিল করেন। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, গৌরব ও ঐতিহ্যের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী’ এবং ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’ সংবলিত একটি পিভিসি ব্যানার জব্দ করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন হোসেন রিমান্ড আবেদনে দাবি করেন, ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এই নাশকতার চেষ্টায় আশিকা সুলতানার প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার নেতৃত্বেই মূলত ওই মিছিলটি অনুষ্ঠিত হয়েছিল। পাশাপাশি তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের অন্যতম অর্থদাতা বলেও তদন্তে প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।
আদালতকে পুলিশ জানায়, মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, মিছিলে অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারী ও অর্থায়নকারীদের খুঁজে বের করতে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৭ দিনের পরিবর্তে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
|