ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বাজার মনিটরিং, যানজট নিরসন এবং বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা পরিহার নিশ্চিত করতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১১ মার্চ) জেলা প্রশাসন ময়মনসিংহের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। অভিযান চলাকালে পাটগুদাম ব্রিজ মোড়, চরপাড়া, নতুন বাজার এবং গাঙিনারপাড় এলাকায় সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে পাটগুদাম ব্রিজ মোড় সংলগ্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জবাব মুহাঃ সাব্বির হুসাইন মহাসড়ক দখল করে থাকা অবৈধ হকার ও ফল ব্যবসায়ীদের উচ্ছেদ করেন। এ সময় একটি জিলাপির দোকানে স্বাস্থ্যহানিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এছাড়া পণ্যের মূল্যতালিকা না থাকায় দুইজন ফল ব্যবসায়ীকে পৃথকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। অন্যদিকে, চরপাড়া এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশিক খান শুষান ফুটপাথ দখল করে রাখা বিক্রেতাদের উচ্ছেদ করেন এবং চালকদের যত্রতত্র গাড়ি পার্কিং না করার নির্দেশনা দেন। ফুটপাথ অবৈধভাবে দখল করার দায়ে সেখানে দুইজন দোকান মালিককে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের অংশ হিসেবে ইফতারের পূর্বে জেলা প্রশাসন ময়মনসিংহের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে ইফতারের পর নতুন বাজার ও গাঙিনারপাড় এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু, মোঃ নাহিদ আল্-মুন্তাকিম এবং ফয়েজ আহমেদ মিরুর নেতৃত্বে বিভিন্ন মার্কেট, শপিংমল ও সুপারশপে ঝটিকা অভিযান চালানো হয়। এ সময় সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার বিষয়টি নিশ্চিত করেন ম্যাজিস্ট্রেটগণ। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে জনস্বার্থে ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ