ফ্যামিলি কার্ড কী, কত টাকা এবং পাওয়ার উপায় কী?

ফ্যামিলি কার্ড কী, কত টাকা এবং পাওয়ার উপায় কী?

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দরিদ্র পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। সমাজকল্যাণমন্ত্রী ডা. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় এই পাইলট প্রকল্প শুরু হবে এবং চার মাসের মধ্যে এটি শেষ করে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলাকে এর আওতায় আনা হবে।

কারা পাবেন এবং কত পাবেন? এই কার্ডের আওতায় প্রতিটি পরিবারকে নগদ ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। প্রাথমিকভাবে ৬ হাজার ৫০০ দরিদ্র পরিবার এই সুবিধা পাবে এবং ভবিষ্যতে ২ কোটি পরিবারকে এর আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় যাদের বসতভিটাসহ আবাদি জমির পরিমাণ ০.৫০ একর বা তার কম এবং মাসিক আয় ও সম্পদ বিবেচনায় যারা পিছিয়ে আছেন, তারাই এই কার্ডের যোগ্য হবেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এই কার্ডটি সরাসরি পরিবারের ‘মা’ বা ‘নারী প্রধান’ সদস্যের নামে ইস্যু করা হবে।

অগ্রাধিকার ও বহির্ভূত শ্রেণি নীতিমালা অনুযায়ী ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী পরিবার, হিজড়া, বেদে ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলো কার্ড প্রাপ্তিতে অগ্রাধিকার পাবে। অন্যদিকে, পরিবারের কেউ সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হলে, বাড়িতে এসি বা বিলাসবহুল গাড়ি থাকলে এবং বড় ব্যবসায়িক লাইসেন্স থাকলে সেই পরিবার এই সুবিধা পাবে না।

সহজ ও আধুনিক লেনদেন ব্যবস্থা সরকারি কোষাগার থেকে সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যাবে। বর্তমানের টিসিবি কার্ডকেও এই ফ্যামিলি কার্ডের ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’তে স্থানান্তরিত করা হবে। একই স্মার্ট কার্ড ব্যবহার করে ভবিষ্যতে শিক্ষা উপবৃত্তি এবং কৃষি ভর্তুকির মতো সুবিধাও পাওয়া যাবে। উল্লেখ্য, সুনামগঞ্জের দিরাই উপজেলার তিনটি গ্রামের বাসিন্দারা ঈদের আগেই এই ফ্যামিলি কার্ড হাতে পাবেন বলে জানা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন