সৌদি প্রো লিগে সোমবার (২ ফেব্রুয়ারি) আল রিয়াদের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আল নাসর। তবে মাঠের জয়ের চেয়েও বেশি আলোচনা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতি নিয়ে। কোনো চোট বা ফিটনেস সমস্যা নয়, বরং ক্লাবের দলবদল নীতিতে অসন্তুষ্ট হয়ে সিআরসেভেন নিজেই এই ম্যাচে অংশ নেননি বলে জানা গেছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অধীনে থাকা অন্যান্য ক্লাবগুলোর তুলনায় আল নাসরের দলবদল কার্যক্রম অত্যন্ত ধীর।
আল হিলাল যখন করিম বেনজেমার মতো বড় তারকাদের দলে ভিড়িয়ে নিজেদের শক্তি বাড়াচ্ছে, সেখানে আল নাসর চলতি বছরের জানুয়ারিতে কেবল একজন অনূর্ধ্ব-২৩ ইরাকি মিডফিল্ডারকে সই করিয়েছে। শিরোপার দৌড়ে ক্লাব পিছিয়ে পড়ছে—এমন আশঙ্কা থেকেই মূলত রোনালদো এই প্রতিবাদী অবস্থান নিয়েছেন।
লিগের শীর্ষ দল আল হিলাল এরই মধ্যে বেশ কয়েকজন আন্তর্জাতিক ও স্থানীয় তারকাকে চুক্তিবদ্ধ করেছে। বিপরীতে আল নাসরের কোচ জর্জে জেসুস ক্লাবের নড়বড়ে আর্থিক অবস্থার কথা স্বীকার করেছেন।
কোচ নতুন খেলোয়াড় আসার আশা করলেও মাঠের বাস্তবতায় কোনো পরিবর্তন না আসায় ৪০ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড ম্যাচে অংশগ্রহণ করেননি, যাকে অনেকেই এক প্রকার ‘ধর্মঘট’ হিসেবে দেখছেন।
রোনালদোকে ছাড়াই এই ম্যাচে জয় পেয়েছে আল নাসর। সাদিও মানের একমাত্র গোলে পূর্ণ পয়েন্ট অর্জন করে তারা আল হিলালের চেয়ে মাত্র এক পয়েন্ট ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২৩ সালে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের হয়ে ৯৫ ম্যাচে ৯১ গোল করা এই মহাতারকা গত জুনেই ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তি সই করেছেন।
তবে দলবদল নিয়ে তার এই বর্তমান অসন্তোষ ক্লাবের ভেতর এক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
আই.এ/সকালবেলা