মৌলভীবাজারে বিমান বাহিনীর ইউনিফর্ম ও অস্ত্রসহ উদ্ধার ১৮ মোবাইল

মৌলভীবাজারে বিমান বাহিনীর ইউনিফর্ম ও অস্ত্রসহ উদ্ধার ১৮ মোবাইল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিমান বাহিনীর ইউনিফর্ম, দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মোকামবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলীর বসতবাড়িতে তল্লাশি চালায়। অভিযানে ঘর থেকে বিভিন্ন ধরনের দেশীয় ধারালো মারণাস্ত্র, অসৎ উদ্দেশ্যে মজুত রাখা বিমান বাহিনীর ইউনিফর্ম, ১৮টি অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন এবং অবৈধ ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মৌলভীবাজার আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও মজুত প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্বাচনকালীন নাশকতা রোধে সেনাবাহিনীর এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন