গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সাথে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ
গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সাথে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় শহর রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনের পূর্বনির্ধারিত কর্মসূচিতে যাওয়ার পথে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এক চমৎকার ও আনন্দঘন সময় অতিবাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের দেখে নিজ উদ্যোগে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম উপহার দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সামরিক বিমানে চড়ে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা শেষে সড়কপথে বিশেষ বাস ও বহর নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

সফরের একপর্যায়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে পৌঁছালে প্রধানমন্ত্রী লক্ষ্য করেন যে, রাস্তার পাশে শিক্ষার্থীরা দাঁড়িয়ে তাঁকে এক পলক দেখার জন্য অপেক্ষা করছেন। ছাত্র-ছাত্রীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাস দেখে প্রধানমন্ত্রী গাড়ি থামানোর নির্দেশ দেন। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি শিক্ষার্থীদের কাছে চলে যান এবং অত্যন্ত স্নেহের সঙ্গে তাদের খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে ফ্রেমবন্দি হয়ে একাধিক সেলফি তোলেন। শুধু তাই নয়, তরুণ প্রজন্মের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট এবং বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন। দেশের সরকারপ্রধানের কাছ থেকে এমন অপ্রত্যাশিত ভালোবাসা ও উপহার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে ফেটে পড়েন কলেজটির শিক্ষার্থীরা। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তের ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।

সৈয়দপুরে শিক্ষার্থীদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, তিনি রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর সেখান থেকে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানে চড়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তাঁর রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন ও ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে।