সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের বিশেষ দিনে উত্তরাঞ্চলের রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নামার পর সরকারের মন্ত্রী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

বিমানবন্দরে অভ্যর্থনা পর্ব শেষে সড়কপথে বিশেষ বাসযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় রাস্তার দুই পাশে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকা হাজার হাজার বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের সাধারণ মানুষের উষ্ণ অভিবাদনের জবাবে বাস থেকেই হাত নেড়ে শারদীয় শুভেচ্ছা জানান তিনি। পরে তাঁকে বহনকারী বাসটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহরসহ রংপুরের মূল মণ্ডপগুলোর উদ্দেশ্যে যাত্রা করে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে বাসযোগে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরিদর্শন শেষে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানযোগে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় নগরীর ঐতিহ্যবাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে রাজশাহী সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

রাজশাহীর সব কর্মসূচি সমাপ্ত করে বিমানযোগে সন্ধ্যার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। চট্টগ্রাম সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে আজ রাতেই বিমানযোগে রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।