ভারপ্রাপ্ত স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ণ
ভারপ্রাপ্ত স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। (ছবি: সংগৃহীত)

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ভুয়া ডিও (ডেমি-অফিশিয়াল) পত্র তৈরি করেছে একটি অসাধু চক্র। জাল প্রস্তুতকৃত এ চিঠিটি বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার প্রমাণ মেলায় তা নিয়ে চরম সতর্কতা জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশবাসীকে এই জালিয়াতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, জাতীয় সংসদের নামে সাম্প্রতিক সময়ে প্রচারিত ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে দাখিল করা উক্ত ডিও পত্রটি সংসদ সচিবালয়ের কোনো শাখা থেকে ইস্যু করা হয়নি। এই ভূয়া চিঠির সাথে জাতীয় সংসদ বা ভারপ্রাপ্ত স্পিকারের দপ্তরের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই।

সংসদ সচিবালয় ক্ষোভ প্রকাশ করে জানায়, রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ ও স্পর্শকাতর সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় সংসদের নাম, লোগো, দাপ্তরিক প্যাড কিংবা জ্যেষ্ঠ পদের পরিচয় জালিয়াতি করা একটি গুরুতর এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি নজরে আসার পরপরই এ জাতীয় অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে ইতোমধ্যে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি এড়াতে সংসদ সচিবালয় দেশের সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সাথে জাতীয় সংসদের প্যাড বা ভারপ্রাপ্ত স্পিকারের নামে কোনো ডিও পত্র পাওয়া গেলে তা চূড়ান্তভাবে গ্রহণের আগে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে যোগাযোগ করে পত্রের সত্যতা শতভাগ যাচাই করে নেওয়ার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন