‘টক্সিক’ সিনেমায় কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য ও বিতর্ক নিয়ে মুখ খুললেন কাজল
বিনোদন ডেস্ক : কন্নড় সিনেমার মহাতারকা যশের বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই আলোচনার তুঙ্গে উঠেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির বিশেষ আইটেম গান ‘তবাহি’। আর এই গানে যশ ও বলি তারকা কিয়ারা আদভানির বেশ কিছু ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্য নজর কাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
তবে এই সমালোচনার মূল তিরটি গিয়ে বিঁধেছে অভিনেত্রী কিয়ারা আদভানির দিকেই। বাস্তব জীবনে বিবাহিত হওয়ার পর পর্দায় কেন একজন নারী এত সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন—এমন প্রশ্ন তুলেছেন নেটিজেনদের এক বিরাট অংশ। এমনকি সিনেমাটির বিরুদ্ধেই ‘নারীবিদ্বেষী’ ও চটকদার দৃষ্টিভঙ্গির অভিযোগ তুলেছেন অনেকে।
সোশ্যাল মিডিয়ায় চলা এই বিতর্কের আবহেই এবার মুখ খুলেছেন ভারতের জনপ্রিয় ও জ্যেষ্ঠ অভিনেত্রী কাজল আগরওয়াল। নিজের মতামত স্পষ্ট করে কাজল জানান, রূপালি পর্দায় কোনো শিল্পী কেমন দৃশ্যে অভিনয় করবেন বা করবেন না, তা সম্পূর্ণ তাঁর নিজের ভেতরের বিষয় এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা টেনে কাজল বলেন, "পর্দায় কোন ধরণের চরিত্রে বা দৃশ্যে অভিনয় করা হবে, তা একান্তই একজন অভিনেতার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের ব্যাপার। আমি নিজে ব্যক্তি জীবনে পর্দায় অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্য করা কিংবা বিকিনি পরার মতো পোশাকে স্বচ্ছন্দ ছিলাম না। যার ফলে ক্যারিয়ারের শুরুতে অনেক বড় বড় সিনেমার প্রস্তাব আমাকে ফিরিয়ে দিতে হয়েছে।"
বর্তমানে এক সন্তানের মা কাজল আগরওয়াল আরও যোগ করেন, মাতৃত্বের পর সিনেমা ও চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে তাঁর দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে। তবে তিনি স্পষ্ট মনে করেন, পর্দায় একজন নারী শিল্পী কেমন পোশাক পরবেন বা কতটুকু সাহসী দৃশ্যে অভিনয় করবেন, তা তাঁর নিজস্ব সীমারেখা এবং এতে অন্যের হস্তক্ষেপ অযৌক্তিক।
উল্লেখ্য, ২০০৪ সালে ‘কিউ! হো গায়া না...’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয়েছিল কাজলের। যদিও ছোট চরিত্র দিয়ে তাঁর যাত্রা শুরু হয়েছিল, তবে অল্প সময়ের মধ্যেই দক্ষিণ ভারতীয় সিনেমায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ‘চান্দামামা’ ও রাম চরণের বিপরীতে কালজয়ী ‘মাগাধীরা’র মতো একের পর এক সুপারহিট সিনেমা।
|