শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না
অনলাইন ডেস্ক: সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে এবং এ দেশে তারা আর কোনোদিন রাজনীতি করতে পারবে না।
আজ শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ‘জুলাই জাতীয় সম্মেলনে’ অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ঐতিহাসিক জুলাই আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী পর্দার অন্তরালের কিছু তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ‘সে সময় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্বক্ষণিক আলাপ-আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করি। এরপর অত্যন্ত সুকৌশলে অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই।’
আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের বর্তমান সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে সবাইকে কিছুটা ধৈর্য ধারণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং দ্রুতই এর সুফল মিলবে।’
আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে বসে দেশের বর্তমান গণতান্ত্রিক ও বৈধ সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক পতন চূড়ান্তভাবে হয়ে গেছে। রাজনৈতিকভাবে তাদের চিরতরে দাফন হয়ে গেছে।’
বক্তব্যের শেষাংশে আন্দোলনের চেতনা ধরে রাখার তাগিদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই চেতনা নিয়ে কেউ যেন কোনো ধরনের ব্যবসা না করি, চেতনা বিক্রি করা মোটেও ভালো লক্ষণ নয়। যারা এই পবিত্র জুলাই চেতনাকে পুঁজি করে ব্যবসা করার চেষ্টা করবে, তাদের নির্মম পরিণতিও দেশের মানুষ অচিরেই দেখতে পাবে।’
|