ঢাকার মঞ্চে ফিরছেন আতিফ আসলাম: ২৪ জুলাই কনসার্ট নিশ্চিত
বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। নানা জটিলতা ও স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হলেও জাতীয় নির্বাচনের কারণে নিরাপত্তাজনিত পরিস্থিতিতে তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছিল। তখন আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন কথা দিয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবারও আতিফ আসলামকে ঢাকায় নিয়ে আসবে। এবার সেই প্রতিশ্রুতিই পূরণ করতে যাচ্ছে তারা। আতিফ আসলাম নিজেও এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ভক্তদের পুনরায় ফিরে আসার আশ্বাস দিয়েছিলেন।
কনসার্টটি পুনরায় আয়োজনের ফলে আগের টিকিটধারীদের জন্য সুখবর রয়েছে। যারা গতবারের টিকিট কিনে রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। তারা নির্ধারিত ‘Re-Apply’ প্রক্রিয়া অনুসরণ করলে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তা সরবরাহ করা হবে। এছাড়া যারা রিফান্ডের আবেদন করেছিলেন, তারাও সেই আবেদন প্রত্যাহার করে টিকিট পুনর্বহালের জন্য আবেদন করতে পারবেন।
নতুন দর্শকদের জন্য খুব সীমিত সংখ্যক টিকিট ‘গেট মাই টিকিট ডট লাইভ’ প্ল্যাটফর্মে বিক্রি করা হবে। তবে টিকিটের মূল্য, ক্যাটাগরি এবং কনসার্টের ভেন্যু সম্পর্কে তথ্য কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।
মেইন স্টেজ ইনকরপোরেশনের পরিচালক কাজী রাফসান বলেন, “গত বছরের অসমাপ্ত আয়োজনকে পূর্ণতা দিতেই আমরা এই কনসার্টের উদ্যোগ নিয়েছি। এটি কেবল একটি কনসার্ট নয়, বরং আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণের একটি মাধ্যম।”
জান্নাত সকালবেলা
|