স্ত্রী তালাক দেওয়ায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ণ
স্ত্রী তালাক দেওয়ায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় স্ত্রী একতরফাভাবে বিবাহবিচ্ছেদ (তালাক) করায় শ্বশুরবাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আব্দুল কারিম মুন্সী (৪২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। 

আজ শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে শ্বশুরের বসতঘরের সিঁড়ির আড়া থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল কারিম মুন্সী পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত জালাল মুন্সীর ছেলে। তিনি নগরকান্দার আলগাদিয়া গ্রামের মো. ওমর আলী শেখের জামাতা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল কারিম কোনো স্থায়ী পেশায় যুক্ত ছিলেন না এবং তিনি মাদকাসক্ত ছিলেন। এই কারণে দীর্ঘদিন ধরে তাঁর সংসারে চরম দাম্পত্য কলহ চলছিল। পারিবারিক বিরোধের জেরে সদ্য সমাপ্ত কোরবানি ঈদের মাত্র এক সপ্তাহ আগে আব্দুল কারিমকে একতরফাভাবে তালাক দেন তাঁর স্ত্রী। স্ত্রীর কাছ থেকে তালাক পাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন।

এরই ধারাবাহিকতায়, গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় তিনি আলগাদিয়া গ্রামে শ্বশুর ওমর আলীর টিনশেড বসতবাড়িতে আসেন এবং ঘরের সিঁড়ির আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আব্দুল কারিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি বর্তমানে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন