পাওয়ার প্লেতেই তিন উইকেট হারাল অস্ট্রেলিয়া

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ণ
পাওয়ার প্লেতেই তিন উইকেট হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: সিরিজ সমতায় ফেরার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ শুক্রবারের এই ম্যাচে দুর্দান্ত শুরুর পর অস্ট্রেলিয়াকে ভালোই চেপে ধরেছে টাইগার বোলাররা। দলীয় পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

ইনিংসের প্রথম তিন ওভারে ৩১ রান তুলে ভালো শুরুর আভাস দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে এরপরই শুরু হয় বাংলাদেশের বোলারদের দাপট। তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন।

সিরিজ বাঁচানোর এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ ও নাহিদ রানা। প্রায় ৩৯৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরেছেন নাহিদ রানা, আর নেমেই তিনি তার কার্যকারিতার প্রমাণ দিয়েছেন।

উল্লেখ্য, নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে আজ নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। বর্তমানে ম্যাচের পরিস্থিতি বাংলাদেশের অনুকূলে রয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন