১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ণ
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত করা এবং তা সার্বক্ষণিক সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

আজ সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি জরুরি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বা স্পেসিফিকেশন (Specification) বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সরাসরি অথবা বিআরটিএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

এতে আরও বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ধারা ২৫ এবং ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’-এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে কি না, তা বিআরটিএ কর্তৃক নিশ্চিত হওয়ার পরই কেবল নতুন গাড়ির রেজিস্ট্রেশন প্রদান এবং পুরাতন গাড়ির ফিটনেস সনদ নবায়ন করা হবে। এই নিয়ম বাস্তবায়নে গণপরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।

মন্তব্য করুন