গজারিয়ায় হোটেলে অভিযান: ২ নারী আটক
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি আবাসিক হোটেলে ঝটিকা অভিযান চালিয়ে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই তরুণীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় অবস্থিত ওই আবাসিক হোটেলে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—পুষ্প আক্তার (২২) ও রোকেয়া আক্তার (২৩)। তাঁদের দুজনের বাড়িই কুমিল্লা জেলায় বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গজারিয়ার ভাটেরচর এলাকায় ওই আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারী এনে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি চক্র। এর ফলে স্থানীয় সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছিল এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের একটি যৌথ দল ওই হোটেলটিতে ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে হোটেলের কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ওই দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের টের পেয়ে হোটেলের ম্যানেজার ও মূল হোতারা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “আবাসিক হোটেলের আড়ালে অনৈতিক ব্যবসা চালানোর খবর পেয়ে দুপুরে সেখানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালানো হয়েছে। আটককৃত দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ধরনের অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত হোটেল মালিক ও দালাল চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এআইএল/সকালবেলা
|