বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ণ
বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। 

আজ বুধবার (১০ জুন) দুপুরে সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ সম্পন্ন হয়।

বৈঠকে বাংলাদেশে জাতীয় নির্বাচন-পরবর্তী সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্কের বিভিন্ন দিকসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

এছাড়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা, দেশের উন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকা, জামায়াতের ছায়া সরকার ও ছায়া বাজেটের প্রশংসা এবং অভিবাসন প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল হবে।

এ সময় ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ড। অন্যদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর।

মন্তব্য করুন