সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে সবার সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ণ
সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে সবার সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা শহরকে বাসযোগ্য, আধুনিক এবং পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। শুক্রবার (১৫ মে) রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন ‘প্রত্যাশা চত্বর’ এলাকায় শাহবাগ থানা বিএনপি আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, ঢাকাকে একটি ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলস কাজ করে যাচ্ছে। তবে কেবল প্রশাসনের একার পক্ষে এটি সম্ভব নয়; শহরকে বাসযোগ্য রাখতে রাজনৈতিক সংগঠন ও সাধারণ নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। ঢাকা সবুজায়নের লক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর এই উদ্যোগকে তিনি অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের বিষয়ে সতর্ক করে আবদুস সালাম জানান, সিটি কর্পোরেশন থেকে সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’-এর আওতায় বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে মশা নিয়ন্ত্রণে সফল হতে হলে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়া নাগরিক দায়িত্ব বলে তিনি স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানের শুরুতে প্রশাসক একটি চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় শাহবাগ থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন