অগ্নিপরীক্ষায় পাশ করলেন বিজয়

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ণ
অগ্নিপরীক্ষায় পাশ করলেন বিজয়

আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় তার রাজনৈতিক জীবনের প্রথম বড় ‘অগ্নিপরীক্ষায়’ উত্তীর্ণ হলেন। বুধবার (১৩ মে) রাজ্য বিধানসভায় অনুষ্ঠিত নাটকীয় আস্থাভোটে জয়ী হয়েছে তার নেতৃত্বাধীন তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার।

আস্থাভোটে বিজয়ের সরকার ১৪৪টি ভোট পেয়ে জয় নিশ্চিত করে। সরকারের বিপক্ষে ভোট পড়েছে মাত্র ২২টি এবং ৫ জন সদস্য ভোটদান থেকে বিরত থাকেন। ভোটাভুটি শুরু হওয়ার আগেই প্রধান বিরোধী দল ডিএমকে তাদের ৫৯ জন বিধায়ক নিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করে।

এই আস্থাভোটের সবচেয়ে চমকপ্রদ দিক ছিল রাজ্যের তৃতীয় বৃহত্তম দল এআইএডিএমকের অভ্যন্তরীণ বিদ্রোহ। দলীয় প্রধান এডাপ্পাডি কে পালানিস্বামীর নির্দেশ ছিল ভোটদানে বিরত থাকার, কিন্তু তা অমান্য করে দলের ২৫ জন বিধায়ক সরাসরি বিজয়ের পক্ষে ভোট দেন। এর ফলে এআইএডিএমকে বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখে পড়ল।

জয় লাভের পর মুখ্যমন্ত্রী বিজয় তার নির্বাচনী প্রতীক ‘হুইসেল’-এর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘হুইসেল ইতিহাস বদলে দিয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা নিজেদের সংখ্যালঘু সরকার বলব—এমন একটি সরকার, যা প্রকৃত অর্থেই সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে।’

মন্তব্য করুন