'শিশুদের নিরাপত্তায় শূন্য ছাড় চাই': রুবেল হোসেন
ক্রীড়া ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের নিখোঁজ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশের মতো বাকরুদ্ধ ও গভীরভাবে উদ্বিগ্ন ক্রীড়াঙ্গনও। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়ে শিশু নিরাপত্তায় কঠোর রাজনৈতিক ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তায় জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার লেখেন, "তেল-গ্যাস সংকট সময়ের সঙ্গে সমাধান হতে পারে। কিন্তু একটি শিশুর নিখোঁজ হওয়া কিংবা লাশ হয়ে ঘরে ফেরা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা ও রাজনৈতিক অঙ্গনের নীরবতা নিয়েও চরম প্রশ্ন তোলেন তিনি।
অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রুবেল আরও লিখেছেন, "অপরাধী যে-ই হোক, যে দলেরই হোক, কোনো পরিচয় বা প্রভাব তাকে রক্ষা করতে পারবে না। তার পরিচয় একটাই—সে একজন অপরাধী। দয়া করে দেশের আইন-শৃঙ্খলা ও আইনি ব্যবস্থাকে আরো কঠোর ও কার্যকর করুন। শিশুদের নিরাপত্তায় আমরা 'শূন্য ছাড়' চাই। আর কোনো বাবা-মায়ের বুক খালি হতে দেখতে চাই না। জনগণ আর কোনো আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায়।"
উল্লেখ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাসা থেকে বন্ধুর সাথে বের হয়ে নিখোঁজ হয় ১৩ বছরের অপ্রতিম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের জঙ্গল থেকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ ও আইফোনের সূত্রের ভিত্তিতে মূল অভিযুক্ত তুহিনসহ তিন সন্দেহভাজনকে আটক করে তদন্ত অব্যাহত রেখেছে।