ইতিহাস গড়ে রোনালদো বললেন ‘আই এম ব্যাক’
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে আবারও জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালকে ৫-০ ব্যবধানের বড় জয় এনে দেওয়ার পাশাপাশি গড়েছেন অনন্য ইতিহাস। প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তি এখন তার নামের পাশে।
এই ম্যাচে দুই গোল করার মধ্য দিয়ে রোনালদো পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে গেছেন। বিশ্বকাপের চলমান আসরে আগের ম্যাচে গণতান্ত্রিক কঙ্গোর সঙ্গে ড্র করার পর এই জয় দলটির জন্য ছিল অত্যন্ত স্বস্তিদায়ক।
ম্যাচ শেষে রোনালদো ক্যামেরার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে উচ্চারণ করেন, ‘আই এম ব্যাক’ (আমি ফিরে এসেছি)। তার এই বার্তাটি যেমন ভক্তদের জন্য আনন্দদায়ক, তেমনি প্রতিপক্ষ দলগুলোর জন্য সতর্কবার্তা।
পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ রোনালদোর এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “রোনালদো শুধু গোল নয়, তার পাস ও সুযোগ তৈরির ক্ষমতাও অতুলনীয়। সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা রাখে।”
অন্যদিকে, ইতালির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও উজবেকিস্তানের কোচ ফাবিও ক্যানাভারো রোনালদোর প্রশংসা করে বলেন, “তাকে এক মুহূর্তের জন্যও জায়গা দেওয়া মানেই গোল খাওয়া। রোনালদোর ধারাবাহিকতা ও পেশাদারিত্ব সত্যিই অনন্য।”
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও এই ঐতিহাসিক অর্জনের জন্য রোনালদোকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে রোনালদোর এই ফর্ম পর্তুগালের জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা।
জান্নাত সকালবেলা
|