নেইমার বললেন, ‘বুক কাঁপছিল, ভীষণ নার্ভাস ছিলাম’
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে আবারও মাঠে ফিরেছেন নেইমার। চোট, দীর্ঘ পুনর্বাসন ও সব অনিশ্চয়তা কাটিয়ে বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে তিনি মাঠে নামেন। এত লম্বা সময় পর জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি জানাতে গিয়ে নেইমার জানান, ম্যাচ শুরুর আগে তিনি ভীষণ নার্ভাস ছিলেন।
ম্যাচ শেষে মিক্সড জোনে নেইমার বলেন, ‘বুকটা দুরুদুরু কাঁপছিল, ভীষণ নার্ভাস লাগছিল। তবে একই সাথে আমি অত্যন্ত আনন্দিত। আমি গর্বিত যে সবকিছু ঠিকঠাক শেষ হয়েছে।’ দীর্ঘ ৩২ মাস পর মাঠে ফেরার দিনটিকে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম বিশেষ দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ব্রাজিল জাতীয় দলের জার্সি পরা প্রতিটি ছেলের স্বপ্ন। দীর্ঘ সময় পর চোট কাটিয়ে আমি এই জার্সিতে ফিরেছি। মাঠ থেকে দূরে থাকার সময়টায় এটিকে ভীষণভাবে মিস করেছি।’
নেইমার আরও বলেন, ‘ড্রেসিংরুমে একা বসে কেঁদেছি। আবার মাঠে ফিরতে পারা ছিল একটা বিশাল স্বস্তি। জাতীয় দলের হয়ে খেলা এবং বিশ্বকাপ জেতা সবসময় আমার স্বপ্ন। আমাকে উৎসাহ দেওয়ার জন্য প্রতিটি সমর্থক ও আমার পরিবারকে ধন্যবাদ।’
উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি নেইমারকে। বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির অধীনে তিনি দলে সুযোগ পান এবং স্কটল্যান্ডের বিপক্ষে ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ব্রাজিলের ভক্তদের স্বস্তি ফিরিয়ে আনেন।
জান্নাত সকালবেলা
|