মেসি-নেইমার কেন বার্সায় ফিরতে পারেননি, জানালেন জাভি

মেসি-নেইমার কেন বার্সায় ফিরতে পারেননি, জানালেন জাভি

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার স্বর্ণযুগের কারিগর লিওনেল মেসি ও নেইমার জুনিয়রকে আবারও ক্যাম্প ন্যু-তে ফেরাতে চেয়েছিলেন সাবেক কোচ জাভি হার্নান্দেজ। কিন্তু ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতি আর চরম আর্থিক সংকটের বেড়াজালে সেই পরিকল্পনা আলোর মুখ দেখেনি। সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও-র ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন জাভি।

ফেরানোর চেষ্টা ও ব্যর্থতা: তিন মৌসুম বার্সেলোনার ডাগআউট সামলানো জাভি জানান, তিনি শুধু দানি আলভেসকেই ফেরাতে পেরেছিলেন। তবে নেইমার, পেদ্রো রদ্রিগেজ এবং লিওনেল মেসির মতো সাবেক তারকাদের পুনরায় দলে টানার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। তিনি বলেন, “আমি নেইমার ও পেদ্রোকে ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু ক্লাবের আর্থিক সীমাবদ্ধতা এতটাই ছিল যে তাদের আনা সম্ভব হয়নি।”

মেসি ও লাপোর্তা প্রসঙ্গ: সবচেয়ে আলোচিত ছিল ২০২৩ সালে মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন। এই বিষয়ে জাভি বলেন, “২০২৩ সালে মেসিকে ফেরানোর বিষয়ে প্রায় পাঁচ মাস ধরে আলোচনা চলেছে। সব প্রস্তুতিই প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু শেষ মুহূর্তে সভাপতি হোয়ান লাপোর্তা এই সিদ্ধান্তে সায় দেননি।”

সংশ্লিষ্টদের মতে, ২০২১ সালে মেসিকে চোখের জলে বিদায় দিতে বাধ্য হওয়া বার্সেলোনা প্রশাসন এবারও আর্থিক ঝুঁকির দোহাই দিয়ে তাঁকে ফিরিয়ে আনতে অনাগ্রহ দেখিয়েছে। মূলত লাপোর্তার সাথে মেসির সম্পর্কের অবনতি এবং লা লিগার কড়া আর্থিক নিয়মকানুনই এই স্বপ্নের পুনর্মিলনে বাধা হয়ে দাঁড়িয়েছে।

সাফল্য ও অপূর্ণতা: জাভির অধীনে ২০২২-২৩ মৌসুমে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল কাতালান ক্লাবটি। তবে জাভির বিশ্বাস, মেসি বা নেইমারের মতো অভিজ্ঞদের কাউকে দলে পেলে তাঁর এই কোচিং ক্যারিয়ারের সাফল্য আরও বেশি উজ্জ্বল হতে পারত। বর্তমানে মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে এবং নেইমার সৌদি আরবের আল হিলালে খেলছেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন