আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ বাঁচা-মরার লড়াইয়ে জটিল সমীকরণ

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ বাঁচা-মরার লড়াইয়ে জটিল সমীকরণ

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত চলতি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চরম চাপের মুখে পড়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল হারের পর টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে এবার নিজেদের দ্বিতীয় ও শেষ গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে টাইগাররা। আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে।

টুর্নামেন্টে জিম্বাবোয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে +৩.১৬০ নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে আফগানিস্তান। অন্যদিকে এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জিম্বাবুয়ে। আর প্রথম ম্যাচ হেরে -১.৯৮০ নেট রান রেট নিয়ে তলানিতে থাকা বাংলাদেশকে ফাইনালে পৌঁছাতে হলে আজকের ম্যাচে কেবল জয় পেলেই চলবে না, মেলাতে হবে নেট রান রেটের বেশ কিছু কঠিন শর্ত।

আজকের ম্যাচে আগে ব্যাটিং করলে বাংলাদেশকে অন্তত ৪১ রানের জয় নিশ্চিত করতে হবে। আর পরে ব্যাটিং করলে লক্ষ্যমাত্রার ওপর ভিত্তি করে নির্দিষ্ট ওভারের মধ্যে জয় তুলে নিতে হবে। যেমন—২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভারের মধ্যে, ২৫০ রানের লক্ষ্য পেলে ৪১.৩ ওভারের মধ্যে এবং ৩০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে হলে ৪২.২ ওভারের মধ্যেই ম্যাচ পকেটে পুরতে হবে বাংলাদেশকে।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও আফগানিস্তান এ পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে। দুই দলই ১১টি করে ম্যাচে জয় পেয়ে সমান অবস্থানে থাকলেও সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে বেশ এগিয়ে রয়েছে আফগানরা। সর্বশেষ ছয়টি ম্যাচের পাঁচটিতেই জয়ের হাসি হেসেছে আফগানিস্তান, যার সবগুলোই অনুষ্ঠিত হয়েছে শারজাহ ও আবুধাবির মাটিতে।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত/মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, জিয়া-উর-রহমান শরিফি, ফজল হক ফারুকি ও ইয়ামিন আহমদজাই।

সকালবেলা / নুসরাত