জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ
জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

মোঃ ইমরান মাহমুদ (বিশেষ প্রতিনিধি, জামালপুর): জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ভারতীয় ইয়াবাসহ মিজানুর রহমান অপূর্ব (২০) নামের এক যুবককে আটক করেছে জামালপুর-৩৫ বিজিবি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে জামালপুর-৩৫ বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটক মিজানুর রহমান অপূর্ব বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামের অধিবাসী।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রাম এলাকায় অভিযান চালায় জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির টহল দল। অভিযানকালে ২২ পিস ভারতীয় ইয়াবাসহ অপূর্বকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাকে আইনি ব্যবস্থার জন্য বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকমুক্ত পরিবেশ গঠনে বিজিবির নিয়মিত টহল এবং বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

মাদক উদ্ধার ও আটকের ঘটনায় মঙ্গলবার বকশীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এআইএল/সকালবেলা