আর্সেনালে যেতে পারেন ব্রাজিলিয়ান তারকা

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ণ
আর্সেনালে যেতে পারেন ব্রাজিলিয়ান তারকা
নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেস (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমকে সামনে রেখে নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করার মিশন শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। সেই পরিকল্পনার অংশ হিসেবে এবার নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসের দিকে নজর দিয়েছে ‘গানাররা’।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে এমিরেটসে নিয়ে আসতে বেশ আগ্রহী। তবে এই দলবদল নিয়ে নিউক্যাসলের সঙ্গে আর্সেনালের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো আলোচনা বা প্রস্তাব দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গিমারেস নিজে যদি আর্সেনালে যোগ দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেন, তবে তা নিউক্যাসলের জন্য বড় ধাক্কা হবে। ক্লাবটির নীতিনির্ধারকদের আশঙ্কা, গিমারেস বিদায় নিলে দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন, যা পুরো স্কোয়াডকে ঝুঁকির মুখে ফেলবে।

নিউক্যাসল শিবিরে অবশ্য দলবদলের হাওয়া আগে থেকেই বইছে। এরই মধ্যে ৭০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যান্থনি গর্ডন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন। অন্যদিকে, দলটির ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো টোনালিকে দলে টানতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে টটেনহাম। প্রথম দফায় দেওয়া প্রস্তাব নিউক্যাসল ফিরিয়ে দিলেও উত্তর লন্ডনের ক্লাবটি নতুন করে আরও বড় প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, টোনালির দলবদলের মূল্য ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি নির্ধারণ করে রেখেছে নিউক্যাসল।

ব্রাজিলিয়ান তারকা ব্রুনো গিমারেসের সঙ্গে নিউক্যাসলের বর্তমান চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকি রয়েছে। গত মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। যেখানে ৯টি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি গোল। তবে গিমারেস ব্যক্তিগতভাবে উজ্জ্বল হলেও এডি হাওয়ের দলকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাইয়ে দিতে পারেননি। ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে পয়েন্ট টেবিলের ১২তম স্থানে থেকে শেষ করতে হয়েছিল নিউক্যাসল ইউনাইটেডকে।

মন্তব্য করুন