ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে মামলার কারণে দেশের মাটিতে ফেরা হয়নি এই অলরাউন্ডারের। এমনকি একবার দুবাই পর্যন্ত এসেও পরিস্থিতির কারণে ফিরে যেতে হয়েছিল তাকে। সম্প্রতি সাকিবের দেশে ফেরা ও তার বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গে কথা বলেছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাইলট বলেন, "ব্যক্তিগতভাবে আমি সাকিবের বড় ভক্ত। মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলার অবস্থায় কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে ভুল করেছিল। তবে আমি মনে করি, জাতীয় দলে খেলা অবস্থায় কোনো রাজনীতিতে জড়ানো উচিত নয়। কারণ জাতীয় দলের প্রতি সব মানুষের আবেগ থাকে, রাজনীতিতে জড়ানোর ফলে সেই আবেগ ভাগ হয়ে যায়।"
সাকিবের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক বলেন, "মামলার ব্যাপারে আমি যতদূর জানি, তাকে একটি মার্ডার মামলায় আসামি করা হয়েছে। আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। একজন রিকশাচালক ব্যক্তিকে সাকিবের মতো খেলোয়াড় বিদেশ থেকে মারবেন—এটি আমার কাছে খুবই সন্দিহান মনে হয়।"
পাইলট মনে করেন, এই অভিযোগের বিষয়টি সরকারিভাবে পরিষ্কার হওয়া প্রয়োজন। তিনি আরও যোগ করেন, "সরকারের দায়িত্ব হওয়া উচিত এই মামলার একটি সঠিক সমাধান করা। যে ব্যক্তি সাকিবের বিরুদ্ধে মামলা করেছেন, কোন ভিত্তিতে করেছেন তার তদন্ত হওয়া দরকার। আমি মনে করি, সংশ্লিষ্ট ব্যক্তিটি ভুল মামলা করেছেন।"
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ