সোনারগাঁওয়ে শিয়ালের কামড়ে ইমামসহ আহত ১৫
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লোকালয়ে ঢুকে একটি ক্ষিপ্ত শিয়ালের দলের তাণ্ডবে মসজিদের ইমাম ও নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার সনমান্দি ইউনিয়নের ভটেরকান্দি, সোনারকান্দি ও নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সোনারকান্দি গ্রামের দেলোয়ার হোসেন, লিটন, শিশু আবদুল্লাহ, ভটেরকান্দি জামে মসজিদের ইমাম, মিনহাজ, আবদুল্লাহ এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনের নাম জানা গেছে।
স্থানীয়রা জানান, হিংস্র শিয়ালের একটি দল হঠাৎ গ্রামগুলোতে ঢুকে যাকেই সামনে পায় তাকেই কামড়ে রক্তাক্ত করে। বাড়ির আঙিনা ও গ্রামীণ সড়কে চলাচলরত পথচারীদের ওপর একের পর এক হামলার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব জানান, হাসপাতালে আসা আহত সবাইকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী (র্যাবিস) টিকা দেওয়া হয়েছে। শিয়ালের আক্রমণের বিষযে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে এবং বন্যপ্রাণী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা
|