স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ণ
স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরে পরকীয়া প্রেমের জেরে স্বামী মো. কালুকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রী সালমা বেগম ও তাঁর প্রেমিক আহাম্মদ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত)-এর বিচারক মো. সাইফুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্র থেকে জানা যায়, নাটোরের নলডাঙ্গা উপজেলার নিহত কালুর স্ত্রী সালমা বেগম স্থানীয় বাসিন্দা আহাম্মদ আলীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বজনদের বাধা উপেক্ষা করেই তাঁরা ওই সম্পর্ক চালিয়ে যান। ২০২১ সালের ১৫ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন কালু। গভীর রাতে সালমার চিৎকার শুনে স্বজনরা ঘরে গিয়ে কালুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান। পরবর্তীতে তদন্তে উন্মোচিত হয় যে, পরকীয়ার পথ পরিষ্কার করতে সালমা ও আহাম্মদ আলী পূর্বপরিকল্পিতভাবে কালুকে হত্যা করেন।

ঘটনার পরদিন নিহতের মা মোছা. আছিয়া বেগম বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নলডাঙ্গা থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নাটোর জজ আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর এবং মামলার বাদী আছিয়া বেগম।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন