সুনামগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদী থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রাম সংলগ্ন নদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ পৌরসভার ফিরোজপুর এলাকার বাসিন্দারা সুরমা নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে থানায় খবর দেন। সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি ডাঙায় তোলে। উদ্ধারকালে মরদেহের পরনে একটি ফুলহাতা শার্ট, হাফপ্যান্ট এবং গলায় গামছা প্যাঁচানো অবস্থায় দেখা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, "নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি স্থানীয় না সীমান্ত এলাকার অধিবাসী অথবা ভারতীয় নাগরিক—সেটি খতিয়ে দেখা হচ্ছে।"
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও পরিচয় শনাক্তের লক্ষ্যে লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা
|