মদনে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ণ
মদনে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

মোঃ সাকের খান, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনের দায়ে ৩ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় ৩ যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— বাঘমারা গ্রামের ভুলু মিয়ার ছেলে রোমান (২২), আতিকুর রহমানের ছেলে কামরুল (৩৮) এবং আপ্পানের ছেলে বিশাল (২২)।

পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্টে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রোমানকে ১ মাসের এবং কামরুল ও বিশালকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন করিম জানান, পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার ৩ মাদকসেবীকে সাজা দিয়েছেন। দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা