ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শুভ সরকার, নড়াইল: আজ ২৬ ফেব্রুয়ারি, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় সেনানী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে নড়াইল সদর উপজেলার তৎকালীন মহিষখোলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, যা বর্তমানে তাঁরই নামানুসারে ‘নূর মোহাম্মদ নগর’ হিসেবে পরিচিত।
এই মহান বীরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নড়াইল জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে নূর মোহাম্মদ নগরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। দিবসের শুরুতে পবিত্র কোরআনখানির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর বীরশ্রেষ্ঠের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র সালাম (গার্ড অব অনার) প্রদান এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানমালায় আরও রয়েছে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল।
তবে এই মাহেন্দ্রক্ষণেও নড়াইলে বীরশ্রেষ্ঠের স্মৃতি রক্ষায় নির্মিত স্থাপনাগুলো নিয়ে জনমনে কিছু আক্ষেপ ও অভিযোগ রয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ লাইব্রেরি ও স্মৃতি জাদুঘরটি জনবল সংকটের কারণে প্রায়ই বন্ধ থাকে, যার ফলে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা বিফল মনোরথে ফিরে যান। এছাড়া স্মৃতিস্তম্ভের চারপাশে কোনো সীমানা প্রাচীর না থাকায় গবাদিপশু অবাধে বিচরণ করছে এবং পরিবেশ শ্রীহীন হয়ে পড়ছে। দর্শনার্থীদের জন্য নেই কোনো বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও। স্থানীয়দের দাবি, জাতির এই শ্রেষ্ঠ সন্তানের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করতে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কার করা জরুরি।
এ বিষয়ে নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম আশার বাণী শুনিয়েছেন। তিনি জানান, প্রশাসন ইতিমধ্যে বীরশ্রেষ্ঠের স্মৃতিস্তম্ভ এলাকা পরিদর্শন করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং জনবল সংকট নিরসন করে লাইব্রেরি ও জাদুঘরটি নিয়মিত সচল রাখার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৫৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগদান করেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার শার্শা উপজেলার গোয়ালহাটিতে পাকবাহিনীর সাথে এক সম্মুখ যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করে তিনি দেশের জন্য এক অনন্য বীরত্বগাথা রচনা করেন। যশোরের কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ