উত্তরায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
উত্তরায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: রাজধানীর উত্তরার একটি আবাসিক ফ্ল্যাট থেকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা সারা রোকসানা পিনুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুরে উত্তরার নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার সময় তাঁর স্বামী কর্মস্থলে এবং ছেলে-মেয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান করায় বাসায় তিনি একাই ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বিদ্যালয় ছুটি শেষে ছোট মেয়ে বাসায় ফিরে মাকে বিছানায় শুয়ে থাকতে দেখে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে শরীর স্পর্শ করলে তা ঠান্ডা অনুভব করে সে। পরে সে দ্রুত বিদ্যালয়ে ফিরে শিক্ষকদের বিষয়টি জানালে শিক্ষকরা ঘটনাস্থলে পৌঁছে উত্তরা থানা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ সময় ফ্ল্যাটের বিভিন্ন কক্ষের আসবাবপত্র তছনছ ও আলমারির লকার ভাঙা অবস্থায় পাওয়া যায়। এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, চুরি বা ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সারা রোকসানা পিনু কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের আনন্দবাজার গ্রামের মো. বাচ্চু মিয়ার মেজো মেয়ে। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

উত্তরা থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও সংগৃহীত আলামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নিহতের পরিবার ও গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন