স্ত্রীর অপপ্রচারের বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় জমি বিক্রিকে কেন্দ্র করে ক্রেতার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য আশরাফুল ইসলাম। তিনি দাবি করেন, তাঁর স্ত্রী সানজিদা শেলী শাপলা রাজনৈতিক ইন্ধনে প্রভাবিত হয়ে জমির বৈধ ক্রেতা অ্যাডভোকেট জিল্লুর রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
গতকাল মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশরাফুল ইসলাম বলেন, সেনাবাহিনীতে চাকরিকালীন সঞ্চিত অর্থ দিয়ে তিনি সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলা বাজারস্থ ঝাড়াবর্ষা মৌজায় জমি কেনেন। পরবর্তীতে স্ত্রীর সঙ্গে যৌথ সিদ্ধান্তে ওই আড়াই শতক জমির ওপর তিনতলা ভবন নির্মাণ করে বসবাস শুরু করেন।
তিনি জানান, পারিবারিক ও আর্থিক সংকটের কারণে গত ৮ এপ্রিল নিবন্ধিত দলিলের মাধ্যমে ভবনসহ জমিটি স্থানীয় অ্যাডভোকেট জিল্লুর রহমানের কাছে বিক্রি করা হয়। জমি রেজিস্ট্রির পর স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের উপস্থিতিতেই ভবনের দখল বৈধভাবে ক্রেতার কাছে হস্তান্তর করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জমি হস্তান্তরের পর থেকেই তাঁর স্ত্রী শাপলা ক্রেতার বিরুদ্ধে নানা ভিত্তিহীন অভিযোগ তোলা শুরু করেন। একপর্যায়ে গত ৮ মে ভবনের কেয়ারটেকার আসাদুজ্জামানকে জোরপূর্বক বের করে দিলে তিনি সাঘাটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং-৬৭/২০২৬) দায়ের করেন। পরে আদালত নোটিশ জারি করলে শাপলা স্বেচ্ছায় বাড়ি ত্যাগ করেন।
আশরাফুল ইসলাম আরও জানান, তাঁর বিরুদ্ধে মাদকাসক্তি কিংবা অনলাইন জুয়ার যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট। মূলত ক্রেতা জিল্লুর রহমানের রাজনৈতিক প্রতিপক্ষদের প্ররোচনায় তাঁর স্ত্রী এসব অপপ্রচারে জড়িয়ে পড়েছেন। এ ধরনের মিথ্যা প্রচারণা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে এলাকার বিশিষ্ট ব্যক্তি লিয়াকত আলী, আসাদুজ্জামান পারভেজ ও আশরাফুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|