মাদক নির্মূলে মাদক ব্যবসায়ীদের সামাজিক বয়কটের ঘোষণা দিলেন গ্রামবাসী
মো: আক্তার হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে জোরালো সামাজিক বয়কট গড়ে তুলে একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বানে নারায়ণগঞ্জে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৪ জুলাই) বাদ আসর নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিড়ইপাড়া এলাকায় ল্যারী ওয়ার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসচেতনতামূলক সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই মাদকের এই ভয়াবহ বিস্তার রোধ করা সম্ভব।
ল্যারী ওয়ার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসচেতনতামূলক সমাবেশে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক অভূতপূর্ব মাদকবিরোধী জনমত গড়ে ওঠে। নারী-পুরুষ, তরুণ-যুবক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সমাবেশটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে মুসাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার কাজী মনির হোসেন, ধামগড় ৩ নম্বর ওয়ার্ড মেম্বার আবু সাঈদ, ধামগড় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, ল্যারী ওয়ার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মাসুম বিল্লাহ, সিনিয়র সাংবাদিক মো: আক্তার হোসেন, কামতাল তদন্ত কেন্দ্রের সাব-ইনস্পেক্টর মোঃ জহিরুল ইসলাম, স্থানীয় ব্যক্তিত্ব হাবিব, সুজন, জাকির, রফিকুল ইসলাম রকি, মাসুম, আহাম্মদ উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন যুবসমাজ উপস্থিত ছিলেন।
বক্তারা চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, “মাদক শুধু একজন ব্যক্তি নয়, একটি পুরো পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎ বিনষ্ট করে দিচ্ছে। মাদকের কারণেই আজ যুবসমাজ বিপথগামী হচ্ছে, পারিবারিক কলহ বাড়ছে এবং চুরি, ছিনতাই, সন্ত্রাস ও হত্যার মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে।” তাই মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবীদের সমাজে কোনো প্রকার প্রশ্রয় দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে প্রতিটি স্তরে সামাজিক বয়কট গড়ে তুলতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত রেখে মাদক থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
সমাবেশের শেষপর্যায়ে উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত নিরাপদ পরিবেশ ও সুস্থ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে নিয়মিত বিরতিতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।