ভালুকায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার
জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের দু’দিন পর সাব্বির আহাম্মেদ (২০) নামের এক যুবকের ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার ভালুকা ইউনিয়নের কাঁঠালী নামাপাড়া ব্রিজের নিচের নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাব্বির আহাম্মেদ ভালুকা ইউনিয়নের বাঁশিল নয়াপাড়া গ্রামের সুলতান আহাম্মেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ জুলাই) থেকে সাব্বির নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য নানা জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে কাঁঠালী নামাপাড়া ব্রিজের নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি ডাঙায় তোলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইমন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা
|